পদ্মা সমাজসেবা সংস্থা রাজশাহীর পরিবেশ সুরক্ষা, পরিকল্পিত নগর উন্নয়ন এবং টেকসই শিল্পায়নের লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব ও আহ্বান জানিয়েছে।

সংস্থাটি জানায়, রাজশাহীর সরকারি প্রতিষ্ঠানগুলোর যেসব জায়গা বর্তমানে খালি বা অব্যবহৃত রয়েছে, সেগুলোতে অযথা স্থাপনা নির্মাণ না করে ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও সবুজায়ন করা উচিত। প্রয়োজনে পুরাতন ভবন ভেঙে আধুনিক ও উঁচু বহুতল ভবন নির্মাণের মাধ্যমে জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যেতে পারে।

এছাড়া শহরের বড় সরকারি প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে বিভিন্ন সেক্টরে বিকেন্দ্রীকরণ বা শহরের বাইরে নতুন প্রশাসনিক জোন গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে নগরীর কেন্দ্রীয় চাপ কমবে এবং পার্শ্ববর্তী অঞ্চলসমূহও সমান উন্নয়ন লাভ করবে।

সংস্থাটি আরও আহ্বান জানায়, রাজশাহী শহরকে ঘিরে থাকা ছোট ছোট নদী, খাল ও জলাভূমিগুলো সংরক্ষণ ও পুনরুজ্জীবিত করা অত্যন্ত জরুরি। ঐতিহাসিকভাবে রাজশাহীর বাণিজ্য ও যোগাযোগ নদীপথনির্ভর ছিল। সেই ঐতিহ্যকে আধুনিক পরিকল্পনায় কাজে লাগিয়ে নদীপথভিত্তিক যোগাযোগ ও স্থানীয় বাণিজ্য ব্যবস্থা পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

অন্যদিকে আশেপাশের জেলাগুলোতে পরিবেশের জন্য ক্ষতিকর শিল্পকারখানা স্থাপন না করে স্মার্ট, আধুনিক ও পরিবেশবান্ধব শিল্প স্থাপনের আহ্বান জানানো হয়েছে, যা স্থানীয় শিক্ষিত জনগোষ্ঠীর জন্য টেকসই কর্মসংস্থান তৈরি করবে।

পদ্মা সমাজসেবা সংস্থা মনে করে, রাজশাহীতে শিক্ষার হার বেশি হওয়ায় তরুণদের জন্য এমন কর্মপরিবেশ তৈরি করা প্রয়োজন, যেখানে তারা পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ পাবে এবং ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে পারবে।

সবশেষে সংগঠনটি সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে একটি সবুজ, নিরাপদ ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছে।